Responsive Advertisement
|

বড়লেখায় বসতঘরেই মাদক কারবার, গ্রেপ্তার ২


মৌলভীবাজার প্রতিনিধি ::

মৌলভীবাজারের বড়লেখায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক দুটি অভিযানে চোলাই মদ ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) উপজেলার সমনবাগ চা বাগান ও বারই গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামানের সার্বিক দিকনির্দেশনায় পরিদর্শক মাসুদুর রহমান তালুকদারের নেতৃত্বে প্রথম বেলা সাড়ে ১১টার দিকে সমনবাগ চা বাগানের পাক্কা লাইন এলাকায় অভিযান চালিয়ে সেবুল রায় (২৫) নামের এক যুবককে তার নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার ঘরের দক্ষিণ পাশের কক্ষের চৌকির নিচে ও মেঝে থেকে দুইটি প্লাস্টিকের জারে ১৮ লিটার অ্যালকোহলযুক্ত চোলাই মদ এবং দুইটি ড্রামে মোট ১০০ লিটার চোলাই মদ তৈরির উপাদান (ওয়াশ) উদ্ধার করা হয়। গ্রেপ্তার সেবুল ওই বাগানের লক্ষিন্দর রায়ের ছেলে।

অপরদিকে দুপুর ২টার দিকে বারই গ্রামে অভিযান চালিয়ে আব্দুল কুদ্দুছ (৫২) নামের একজনকে তার নিজ ঘর থেকে গ্রেপ্তার করা হয়। পরে তার ঘরের পশ্চিম পাশের কক্ষের খাটের তোশকের নিচে রাখা একটি সিনথেটিক ব্যাগ থেকে কাগজে মোড়ানো ৭১টি গাঁজার পুরিয়া উদ্ধার করা হয়, যার মোট ওজন ৩৫০ গ্রাম। গ্রেপ্তার কুদ্দুছ বড়লেখা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত মুদরিস আলীর ছেলে।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান জানান, উভয় ঘটনায় উপপরিদর্শক মো. আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে বড়লেখা থানায় দুটি মাদক মামলা দায়ের করেছেন। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন